ঈদে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় প্রাণ হারালো দুই বন্ধু

0
ঈদে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় প্রাণ হারালো দুই বন্ধু

বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন পৌর শহরের উলিপুর এলাকার আবু রায়হান (২০) এবং শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম (২০)। তারা দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 

বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রাজন, সিয়াম, হাসান ও ছামির। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উদযাপন করতে এক দল বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তামিম হোসেনের মৃত্যু হয়। বাকি চারজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here