বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

0
বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসা সেবায় ফিরেছেন বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার দুপুরের পর থেকে তারা নিয়মিত চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন বলে জানান ইন্টার্ন চিকিৎসক তানভীর রেজা।

ইন্টার্ন চিকিৎসক রেজা আরো বলেন, রোগীর মৃত্যু কেন্দ্র করে স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের পর তাদের দাবি অনুযায়ী হাসপাতালের প্রত্যেক ইউনিটে তিনজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের একটি টহল টিম হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তারা হাসপাতালের বিভিন্ন ইউনিটে টহল দেবেন। 

তিনি আরো জানান, তাদের ওপর হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটি আগামী ৩১ মে প্রতিবেদন জমা দেবে। এরপর হামলা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 

এর আগে শনিবার বিকালে গলাচিপায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৪০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মৃতের ছোট ভাই রুবেল হাওলাদার অভিযোগ করেন, রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত নার্সকে একাধিকবার ডাকলেও তারা সাড়া দেননি। পরে রোগীর মৃত্যু হলে বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সরকারি বিএম কলেজের শিক্ষার্থী নাহিদ সরোয়ারকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা হাসপাতালে জড়ো হন। অপরদিকে ইন্টার্ন চিকিৎসকরাও অবস্থান নিলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার পর নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও হাসপাতালে বহিরাগত প্রবেশ সীমিতসহ বিভিন্ন দাবিতে রবিবার সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন শুরু করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here