মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাকচালককে হত্যা

0
মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাকচালককে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সুমন (২৮) নামের এক ট্রাকচালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ এলাকার নারায়ণের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। 

এ ঘটনায় হাতেম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে পৌর টার্মিনালের চালক ও শ্রমিকরা। আটক হাতেম ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এলাকার আলিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত সুমন ও হাতেম ফতুল্লার পঞ্চবটী পৌর টার্মিনাল সংলগ্ন বোডবাড়ী এলাকার নুরী মিয়ার বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সুমন ট্রাকচালক এবং হাতেম একই টার্মিনালে অন্য একটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। 
অভিযোগ রয়েছে, হাতেম নিয়মিত ঘরে বসে মাদক সেবন করতেন। এ বিষয়ে সুমন প্রতিবাদ করেন এবং বাড়ির মালিককেও বিষয়টি জানান। এতে হাতেম তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। শনিবার সকাল ১০টার দিকে সুমন হেঁটে কর্মস্থলে যাওয়ার সময় টার্মিনালের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হাতেম পেছন থেকে কাঠের টুকরো দিয়ে তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে সুমন গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাটি জানার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here