রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

0
রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তেতলাব এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—তারাবো পৌরসভার সুলতান, নয়ন মিয়া ও রাজ রায়হান রাব্বি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, তেতলাব এলাকায় একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। শনিবার রাতে সেখানে মাদকের বড় একটি চালান হাতবদল হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছদ্মবেশে অবস্থান নেয়। পরে চক্রটির আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here