সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল পাস: লাইভে এসে যা বললেন আসিফ মাহমুদ

0
সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল পাস: লাইভে এসে যা বললেন আসিফ মাহমুদ

সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল পাস করানোর অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই অভিযোগ তোলেন। একই সাথে তিনি স্থানীয় সরকার বিভাগে গত দেড় দশকে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা জানান।

প্রতিমন্ত্রীর অভিযোগ তোলার পর সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন আসিফ মাহমুদ। প্রতিমন্ত্রীর অভিযোগের জবাবে সেই নির্দিষ্ট ফাইল প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রীর পাশাপাশি স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ‘চ্যালেঞ্জ’ দিয়ে তিনি বলেছেন, ‘যদি সৎ সাহস থাকে, তাহলে রবিবারের মধ্যে ফাইলটা জনগণের সামনে উত্থাপন করবেন।’

আসিফ মাহমুদ ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

গতকাল মীর শাহে আলম বলেন, ‘২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার—উভয় আমলের কর্মকাণ্ড তদন্ত করে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

পিরোজপুর জেলার একটি বড় দুর্নীতির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এই লুটপাটের কারণে গত দুই বছর ধরে পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। আমরা শিগগিরই পিরোজপুর সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালুর ব্যবস্থা নেব।’

তিনি আরও জানান, কেবল পিরোজপুর নয়, দেশের আরও অনেক জেলায় রাস্তা ও সেতু নির্মাণের ক্ষেত্রে এ ধরনের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মীর শাহে আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন।’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিগত বছরগুলোর সকল অনিয়মের সুষ্ঠু তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ গতকাল রাতে লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন।

লাইভে আসিফ মাহমুদ বলেন, ‘প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন, তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উন্মুক্ত করে দেন। কোনো অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে। তবে সচিব যদি বিদেশে থাকার কারণে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকেন, তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়। সেটিও মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনেই হয়। সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই।’

লাইভের শেষাংশে আসিফ চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘মিস্টার শাহে আলমকে আমি চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস থাকে, তিনি যদি নিজের বক্তব্যে স্ট্যান্ড করেন, তাহলে আগামীকাল রবিবারের মধ্যে ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন এবং উত্থাপন করবেন। আমি তাকে চ্যালেঞ্জ করছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও চ্যালেঞ্জ করছি। যদি তারা এটা পাবলিক না করেন, তাহলে আমি মনে করব, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও হেয়প্রতিপন্ন করার জন্য তারা এটা করেছেন। বিশেষজ্ঞদের নিয়ে আসুন, কোথায় বেআইনি কী হয়েছে। আই এম চ্যালেঞ্জিং, লেট’স ফেইস ইট।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here