ফরাসি সিনেমায় ‌‘উগ্র ডানপন্থীদের থাবা’, বিলিয়নিয়ার বলোরের বিরুদ্ধে একজোট হলিউড তারকারা

0
ফরাসি সিনেমায় ‌‘উগ্র ডানপন্থীদের থাবা’, বিলিয়নিয়ার বলোরের বিরুদ্ধে একজোট হলিউড তারকারা

কান চলচ্চিত্র উৎসবের জমকালো আবহেই পর্দার আড়ালে শুরু হয়েছে ফরাসি বিনোদনজগতের এক চরম রাজনৈতিক সংঘাত। ফরাসি মিডিয়া মোগল তথা কট্টরপন্থী বিলিয়নেয়ার ভিনসেন্ট বলোরের বিরুদ্ধে বিনোদনজগতে ‘উগ্র ডানপন্থীদের প্রভাব’ বিস্তারের অভিযোগ এনে এক পিটিশন বা গণস্বাক্ষর কর্মসূচিতে সংহতি জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলিউড তারকারা। 

হাভিয়ের বারদেম, মার্ক রাফালো এবং কেন লোচের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা এবার ফরাসি চলচ্চিত্রকর্মীদের এই আন্দোলনের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন। ২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বলোরের মালিকানাধীন ‘ক্যানাল প্লাস’ (Canal+) নেটওয়ার্ক যেভাবে পুরো চলচ্চিত্র শিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, তা বাকস্বাধীনতা ও স্বাধীন সংস্কৃতির জন্য বড় হুমকি বলে দাবি করেছেন এই তারকারা।

‘জ্যাপার বলোরে’ (Zapper Bolloré) নামক একটি ফরাসি চলচ্চিত্রকর্মীদের যৌথ ফোরামের উদ্যোগে কান উৎসব শুরুর প্রাক্কালে প্রথমে মাত্র ৬০০ জন ফরাসি নির্মাতার সই দিয়ে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তবে উৎসব চলাকালীন ক্যানাল প্লাস-এর প্রধান নির্বাহী (সিইও) ম্যাক্সিম সাদা এক মধ্যাহ্নভোজে অংশ নিয়ে আন্দোলনকারীদের কড়া হুমকি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাক্সিম সাদা ক্ষুব্ধ হয়ে ঘোষণা করেন, যারা এই পিটিশনে সই করেছেন, তাদের ক্যানাল প্লাস সম্পূর্ণ ‘কালো তালিকাভুক্ত’ করবে এবং তাদের সঙ্গে ভবিষ্যতে আর কোনো কাজ করা হবে না। সিইও-র এমন একনায়কত্বসুলভ হুমকির পর বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যার ফলে মাত্র কয়েক দিনেই পিটিশনে স্বাক্ষরকারীর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে।

আন্দোলনকারীদের মূল অভিযোগ, বিলিয়নিয়ার ভিনসেন্ট বলোরে তার করপোরেট শক্তি ব্যবহার করে ফরাসি চলচ্চিত্র বাজারের অন্যতম শীর্ষ চেইন ‘ইউজিসি’ (UGC)-এর ৩৪ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পরিকল্পনা করছেন। এর মাধ্যমে সিনেমার অর্থায়ন, পরিবেশনা এবং প্রদর্শনী— সব ক্ষেত্রই একটি একক রক্ষণশীল মিডিয়া সাম্রাজ্যের অধীনে চলে যাবে। চলচ্চিত্রকর্মীদের আশঙ্কা, ২০২৭ সালের ফরাসি নির্বাচনে উগ্র ডানপন্থী দল ‘রাঁসেবলোমোঁ নাসিওনাল’ (RN)-কে সুবিধা দিতেই বলোরে ফরাসি সংস্কৃতির ওপর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন। 

ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে ফ্রান্সে নির্মিত অর্ধেকেরও বেশি সিনেমার কলাকুশলীরা এই পিটিশনে স্বাক্ষর করেছেন, যার মধ্যে জুলিয়েট বিনোশ এবং আর্থার হারারির মতো কানের মূল প্রতিযোগিতার শীর্ষ তারকারাও রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কান উৎসবের শেষ দিনগুলোতে ফরাসি সিনেমাজগতে এক নজিরবিহীন মেরুকরণ তৈরি হয়েছে।

সূত্র: ভ্যারাইটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here