যুদ্ধের প্রভাব শুধু তেলের দাম বৃদ্ধিতে সীমাবদ্ধ নয় : ড. হোসেন জিল্লুর

0
যুদ্ধের প্রভাব শুধু তেলের দাম বৃদ্ধিতে সীমাবদ্ধ নয় : ড. হোসেন জিল্লুর

যুদ্ধের প্রভাব কেবল তেলের দাম বৃদ্ধিতে সীমাবদ্ধ নয় বরং এটি সামগ্রিক অর্থনীতি ও নীতিনির্ধারণে বহুমাত্রিক চাপ সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ  ড. হোসেন জিল্লুর রহমান।

“নতুন সরকারের ৩ মাস: একটি প্রাথমিক পর্যালোচনা” শীর্ষক এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। আলোচনায় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতি বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা হয়।

ওয়েবিনারে অংশগ্রহণকারীরা বলেন, নতুন সরকারের প্রাথমিক পদক্ষেপগুলো জনমনে আলোচনা তৈরি করেছে। তবে এসব উদ্যোগ একটি সুসংগত সংস্কার এজেন্ডার অংশ কিনা, নাকি কাঠামোগত ও ভূরাজনৈতিক সীমাবদ্ধতায় তা থমকে যাবে- এমন প্রশ্নও সামনে এসেছে। অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন জ্যোতির্ময় বড়ুয়া, ফজলুল হক, মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সুফিউর রহমান।

বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে। এ অবস্থায় সাহসী ও কার্যকর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে, রাষ্ট্রদূত সুফিউর রহমান জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।

উপসংহারে হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের রাজনৈতিক ও নাগরিক আলোচনাকে আবেগনির্ভরতা থেকে সরিয়ে প্রমাণভিত্তিক বিশ্লেষণ ও গঠনমূলক সংলাপের দিকে নিয়ে যেতে হবে। তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে ‘ট্যাগ’ করার সংস্কৃতির সমালোচনা করে বলেন, এটি জনজীবনকে বিষাক্ত করছে এবং কার্যকর নীতি মূল্যায়নে বাধা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকারের সফলতা শেষ পর্যন্ত দেশের সকল নাগরিকের জন্য ইতিবাচক ফল বয়ে আনে। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে উন্নত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here