ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে রুফটপ সোলার স্থাপনের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৩ মে) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি এই সোলার প্রকল্পের উদ্বোধন করেন।
জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও ওজোপাডিকোর চেয়ারম্যান নূর আহ্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে প্রতিমন্ত্রী জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়াসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, জোবাইদা করিম জুট মিলস রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে অন্য বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি মডেল হতে পারে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে আরও জনসেবামুখী উদ্যোগ গ্রহণে অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের ২১টি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও হাসপাতালসহ বিভিন্ন সরকারি ভবনে সোলার পাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

