ইবোলা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পরও বিশ্বকাপ প্রস্তুতি পরিকল্পনায় কোনো পরিবর্তন আনছে না ডিআর কঙ্গো। দেশটির ফুটবল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ীই তারা অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ চালিয়ে যাবে।
বিশ্বকাপ উপলক্ষে গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি শুক্রবার বলেন, ইবোলা প্রাদুর্ভাবের কারণে ডিআর কঙ্গো দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে অন্তত ২১ দিন সুরক্ষিত ‘বাবল’-এর মধ্যে থাকতে হবে। অন্যথায় তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতা তৈরি হতে পারে। তিনি জানান, আগামী ১১ জুন হিউস্টনে পৌঁছানোর আগে এই শর্ত পূরণের বিষয়টি কঙ্গো সরকার ও দলকে স্পষ্টভাবে জানানো হয়েছে।
২০২৬ বিশ্বকাপে ডিআর কঙ্গোর গ্রুপ পর্বের দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে এবং একটি কলম্বিয়ায়। যুক্তরাষ্ট্রে তাদের প্রথম ম্যাচ ১৭ জুন, প্রতিপক্ষ পর্তুগাল। সেই ম্যাচকে সামনে রেখে হিউস্টনেই দলের মূল ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে ডিআর কঙ্গো দল। সেখানে ৩ জুন ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনে চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে। তবে আল-জাজিরাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় দলের এক মুখপাত্র জানান, বেলজিয়াম ও স্পেন সফরের পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে। তিনি আরও বলেন, স্কোয়াডের কোনো খেলোয়াড়ই সরাসরি ডিআর কঙ্গো থেকে আসেননি।
দলের কোচ সেবাস্তিয়ান দেসাব্রেসহ অধিকাংশ খেলোয়াড়ই ইউরোপভিত্তিক ক্লাবে খেলেন। যদিও চলতি সপ্তাহে ডিআর কঙ্গো থেকে কয়েকজন কর্মকর্তা বেলজিয়ামের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ডিআর কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার বিরল ‘বুন্দিবুগিও’ ধরনটি জাতীয় পর্যায়ে বড় আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি। ডিআর কঙ্গো ও প্রতিবেশী উগান্ডার পরিস্থিতিকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে।

