আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই ব্যাট হাতে ঝড় তুলছেন ক্রোয়েশিয়ার ওপেনার কনর ক্যারল। প্রথম চার ইনিংসেই ৩৯০ রান করে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।
৭১, ১৫০*, ৭৪ ও ৯৫ এমন দুর্দান্ত চার ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের আগমনী বার্তাই যেন জানিয়ে দিলেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের উপ-বাছাই পর্বে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্যারলের। ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ম্যাচেই ৩৪ বলে ৭১ রান করেন তিনি। দলের অন্য ব্যাটাররা মিলিয়ে করেন মাত্র ৫৫ রান।
এরপর সুইজারল্যান্ডের বিপক্ষে আরও ভয়ংকর রূপে দেখা যায় তাকে। আগে ব্যাট করতে নেমে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্যারল। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯৯ রান তোলে ক্রোয়েশিয়া এবং ম্যাচটি জিতে নেয় ১৬ রানে।
জার্সির বিপক্ষে ২৮১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৭৪ রান করেন এই ওপেনার। যদিও ম্যাচটি হেরে যায় তার দল। পরে সাইপ্রাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলেন তিনি এবং দলকে এনে দেন ৭ রানের জয়।
চার ইনিংস শেষে ক্যারলের মোট রান ৩৯০। তার গড় ১৩০ এবং স্ট্রাইক রেট ২০১.০৩। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ইনিংসে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড।
এর আগে এই রেকর্ড ছিল ফ্রান্সের গুস্তাভ ম্যাককিয়নের দখলে। নিজের প্রথম চার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে তিনি করেছিলেন ৩৭৩ রান।
এছাড়া ক্যারল এখন টানা চার ইনিংসে পঞ্চাশের বেশি রান করা ক্রিকেটারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশের বেশি রান করার কীর্তি আছে কেবল জিম্বাবুয়ের সিকান্দার রাজার।
এবার অস্ট্রিয়ার বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবেন ক্যারল। সেখানে আরেকটি পঞ্চাশ পেলে ছুঁয়ে ফেলবেন সিকান্দার রাজার অনন্য রেকর্ডও।

