ঘুমের মধ্যেই ট্রলার ডুবে প্রাণ গেল চালকের

0
ঘুমের মধ্যেই ট্রলার ডুবে প্রাণ গেল চালকের

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কাঠবোঝাই একটি ট্রলার ডুবে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ট্রলারের কেবিন থেকে মো. কামাল বাহাদুর (৩৮) নামের ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের একটি ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল বাহাদুর নেছারাবাদের পাশ্ববর্তী নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল হালিম বাহাদুরের ছেলে।

ট্রলারের মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, “ফিয়ানা ফাতেমা” নামের একটি স্টিলবডির ট্রলার কাঠ নিয়ে বৃহস্পতিবার বালিহারি গ্রামের রহমান মিয়ার ব্রিজের নিচে পৌঁছালে খালে ভাটার কারণে সেখানে নোঙর করে রাখা হয়।

রাতে চালক কামাল বাহাদুর ট্রলারের কেবিনে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে জোয়ারের পানির তীব্র চাপে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এতে কেবিনে ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে তার মৃত্যু হয়।

ট্রলারের মালিক মো. রিফাত জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ডুবুরি এনে ট্রলার থেকে চালক কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারটি নাজিরপুর এলাকা থেকে গাছ নিয়ে নেছারাবাদে আসছিল এবং পাশের একটি করাতকলে কাঠ আনলোড করার কথা ছিল।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, ভাটার কারণে ট্রলারটি ব্রিজের নিচে অবস্থান করছিল। রাতে জোয়ারের পানির চাপে ট্রলারটি ডুবে গেলে চালক ভেতরে আটকা পড়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here