নাবিলা লড়ছেন লেফট্যানেন্ট গভর্নর পদে, পঞ্চম মেয়াদের সিনেটর হওয়ার পথে জর্জিয়ার শেখ রহমান

0
নাবিলা লড়ছেন লেফট্যানেন্ট গভর্নর পদে, পঞ্চম মেয়াদের সিনেটর হওয়ার পথে জর্জিয়ার শেখ রহমান

জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে পঞ্চম মেয়াদের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শেখ রহমান।

চার মেয়াদের অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি এ বিজয় অর্জন করেন। সম্প্রতি একটি দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ায় নির্বাচনী প্রচারণায় তিনি সীমিতভাবে অংশ নিতে পারলেও ১৯ মে’র প্রাইমারি নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পান বলে জানা গেছে।

কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ২০১৮ সালের নভেম্বরের নির্বাচনে প্রথমবার জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ এর সিনেটর নির্বাচিত হন। তিনি রবিন ম্যাককয়কে হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

তিনি বলেন, “সততা ও ন্যায়নিষ্ঠার মধ্য দিয়ে সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, এটাই আমার সাফল্যের মূল চাবিকাঠি। ধর্ম বা জাতিগত ভিন্নতা কখনো ভোটারদের মধ্যে বিভাজন তৈরি করেনি।”

আগামী ৩ নভেম্বর চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাট ভোটার সংখ্যাগরিষ্ঠ হওয়ায় শেখ রহমানের বিজয়ের সম্ভাবনা শক্ত অবস্থানে রয়েছে। বর্তমানে তিনি ডেমোক্র্যাটিক পার্টির নীতি-নির্ধারণ পর্যায়েও সক্রিয় ভূমিকা রাখছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা টিমেও যুক্ত ছিলেন।

এদিকে জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ এর সিনেটর নাবিলা ইসলাম পারকেস সিনেট ছেড়ে লেফট্যানেন্ট গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

২০২২ সালের নির্বাচনে প্রথম মুসলিম নারী ও কনিষ্ঠতম সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছিলেন। নোয়াখালীর অভিবাসী পরিবারের সন্তান নাবিলা বর্তমানে তরুণ ভোটারদের সমর্থনকে কাজে লাগিয়ে স্টেটের দ্বিতীয় সর্বোচ্চ প্রশাসনিক পদে যেতে চাইছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here