মাউন্ট এভারেস্টে একদিনে সর্বোচ্চ আরোহণের নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি হয়েছে। গত বুধবার নেপাল প্রান্ত দিয়ে একসাথেই ২৭৪ জন পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ এই শৃঙ্গ জয় করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং দীর্ঘদিনের অপেক্ষার পর সুযোগ মেলায় পর্বতারোহীরা ভোরেই যাত্রা শুরু করেন এবং টানা ১১ ঘণ্টা ধরে এই আরোহন প্রক্রিয়া চলে।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে ২০১৯ সালের মে মাসে একদিনে ২২৩ জনের আরোহণের যে রেকর্ড ছিল, এবার তা অনায়াসেই ভেঙে গেছে।
এ বছর তিব্বত সীমান্ত দিয়ে আরোহণের পথ বন্ধ থাকায় নেপাল অংশে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় ৫০০ জন বিদেশি পর্বতারোহীকে এবার অনুমতি দেওয়া হয়েছে। এটিই ছিল এভারেস্টের ইতিহাসে সর্বোচ্চ।
আরোহীদের ভিড় বাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ‘ডেথ জোন’ হিসেবে পরিচিত ৮ হাজার মিটারের উচ্চতায় পর্বতারোহীদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এই ভিড় নিয়ে সতর্ক করলেও অনেক অভিযান আয়োজক মনে করছেন, পর্যাপ্ত অক্সিজেন থাকলে এই ভিড় সামাল দেওয়া সম্ভব।
রেকর্ড গড়ার এই মৌসুমে বেশ কিছু ব্যক্তিগত মাইলফলকও অর্জিত হয়েছে। নেপালি গাইড কামি রিতা শেরপা ৩২ বারের মতো এভারেস্ট জয় করে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। নারী আরোহী হিসেবে লাকপা শেরপা ১১তম বার চূড়ায় উঠে নতুন নজির গড়েছেন।
এমনকি কৃত্রিম পা ছাড়াই চূড়ায় পৌঁছে ইতিহাস গড়েছেন রুশ পর্বতারোহী রুস্তম নাবিভ। তবে এই অর্জনের মধ্যেও শোকের ছায়া ফেলেছে বেশ কিছু মৃত্যু। উচ্চতাজনিত অসুস্থতা এবং তুষারধসে পড়ে বেশ কয়েকজন অভিজ্ঞ গাইড ও পর্বতারোহী এ বছর প্রাণ হারিয়েছেন।
বিবিসির প্রতিবেদন

