মরিনহোর প্রত্যাবর্তনে বড় পরিবর্তনের হাওয়া রিয়ালে

0
মরিনহোর প্রত্যাবর্তনে বড় পরিবর্তনের হাওয়া রিয়ালে

ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ টানা দুই মৌসুম বড় কোনো শিরোপার দেখা না পাওয়ায় অস্থির সময় পার করছে। সান্তিয়াগো বার্নাব্যুর এই ক্লাবের ধারাবাহিক ব্যর্থতার পর কোচিং স্টাফে একাধিক পরিবর্তন আনা হয়। জাবি আলোনসোকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আলভারো আরবেলোয়াকে।

বারবার কোচ বদলের পরও ভাগ্যের চাকা না ঘোরায় এবার অভিজ্ঞ কোচ হোসে মরিনহোর দিকেই ঝুঁকছে রিয়াল মাদ্রিদ। ফুটবল পাড়ায় এখন পর্যন্ত অনেকটাই নিশ্চিত, সান্তিয়াগো বার্নাব্যুর আগামীর ডাগআউট সামলাবেন তিনিই।

মরিনিয়োর আগমন এবং ট্রফি খরা ঘোচাতে এবার ক্লাব পরিচালনায় একঝাঁক বড় পরিবর্তনের পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। জানা গেছে, আগামী রবি কিংবা সোমবারের মধ্যেই মরিনহোর ফেরার অফিশিয়াল ঘোষণা দিতে চায় ক্লাবটি।

রিয়াল কেবল প্রধান কোচ পরিবর্তনই নয়, তাদের কোচিং স্টাফ, মেডিকেল টিম এবং স্পোর্টিং ডিপার্টমেন্টেও বড় রদবদল আনতে যাচ্ছে। সেই সাথে মূল স্কোয়াডেও খেলোয়াড় কেনা-বেচার বড় ধামাকা দেখা যেতে পারে।

মরিনহো তার বর্তমান ক্লাব বেনফিকার পুরো কোচিং স্টাফকে সঙ্গে নিয়ে মাদ্রিদে আসতে চান। ইএসপিএনকে একাধিক সূত্র জানিয়েছে, রিয়ালের বর্তমান সফল ফিটনেস কোচ আন্তোনিও পিন্তুস এবং গোলরক্ষক কোচ লুইস লোপিস আগামী মৌসুমে নিজেদের দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

চলতি মৌসুমে একের পর এক চোটের কারণে দলের প্রধান খেলোয়াড়দের লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। ফলে ক্লাবের মেডিকেল বিভাগ নিয়েও বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মৌসুমের মাঝামাঝিতে মেডিকেল প্রধান ফেলিপে সেগুরাকে সরিয়ে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের দীর্ঘদিনের প্রিয়পাত্র নিকো মিহিককে আবারও দায়িত্ব দেওয়া হয়েছিল।

স্বভাবতই রিয়ালের বর্তমান অভ্যন্তরীণ পরিবেশ এখন বেশ থমথমে ও উত্তেজনাকর। মরিনহোর পুনরাগমনে বিভিন্ন বিভাগ থেকে ব্যাপক ‘ছাঁটাই’ ও বড় রদবদলের আশঙ্কায় দিন কাটাচ্ছেন বর্তমান স্টাফরা।

বর্তমানে হোসে আনহেল সানচেজ এবং জুনি কালাফাতের নেতৃত্বে থাকা স্পোর্টিং ডিপার্টমেন্টে একটি নতুন শীর্ষ পদের বিষয়ে আলোচনা চলছে। একটি সূত্র জানায়, মরিনহো বেনফিকার ফুটবল ডিরেক্টর মারিও ব্রাঙ্কোকে আনার পরামর্শ দিলেও রিয়াল এই মুহূর্তে সেই বিকল্পের দিকে যাচ্ছে না।

রিয়াল মূলত এমন একজন ব্যক্তিত্বকে খুঁজছে যিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্লাব নির্বাহীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন এবং নিয়মিত অনুশীলনেও উপস্থিত থাকবেন। এই পদের জন্য রিয়াল কিংবদন্তি টনি ক্রুসের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। তবে এই তারকার ঘনিষ্ঠ সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ক্লাব থেকে এখনো ক্রুসকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here