পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে আইয়ুব আলী (৩০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিঙ্গীগছ গ্রামে করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ওই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় পাথর শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে করতোয়া নদীতে পানির নিচে বেদা দিয়ে পাথর উত্তোলনের কাজ করছিলেন আইয়ুব। এ সময় নদীপাড়ের উপরিভাগের মাটি হঠাৎ ধসে তার শরীরের ওপর পড়ে যায়। এতে তিনি পানির নিচে মাটিচাপা পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় শ্রমিকরা দ্রুত উদ্ধার করে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মরদেহের সুরতহাল শেষে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

