আচরণবিধি ভঙ্গে শাস্তির মুখে হার্দিক

0
আচরণবিধি ভঙ্গে শাস্তির মুখে হার্দিক

২০২৬ আইপিএল মৌসুমে আবারও ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। একের পর এক হারের ধাক্কার মধ্যে এবার মাঠে আচরণবিধি ভাঙার কারণে শাস্তির মুখে পড়লেন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ইডেন গার্ডেন্সে ঘটে এই ঘটনা। ম্যাচ চলাকালীন রাগের মাথায় স্টাম্পের বেল ছুড়ে ফেলায় আচরণবিধি ভাঙার অভিযোগ ওঠে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)–এর পক্ষ থেকে জানানো হয়েছে, হার্দিক লেভেল-১ আচরণবিধি ভেঙেছেন। আইপিএলের ২.২ ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন মাঠের সরঞ্জাম বা ক্রিকেটীয় উপকরণে অনুপযুক্ত আচরণ করা নিষিদ্ধ।

ঘটনার সময় কলকাতা নাইট রাইডার্সের রান তাড়ার দশম ওভারের চতুর্থ বলের পর নিজের রান-আপে ফেরার সময় ক্ষুব্ধ হয়ে স্টাম্পের বেল ছুড়ে ফেলেন মুম্বাই অধিনায়ক। পরে তিনি নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন। এর পাশাপাশি তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, চার থেকে সাতটি ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে।

শাস্তির পাশাপাশি মাঠের ফলও হতাশ করেছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ৮ ইউকেট হারিয়ে ১৪৭ রান তোলে মুম্বাই। 

মাত্র সাত বল বাকি থাকতে লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় কলকাতা। এই জয়ের ফলে প্লে-অফের দৌড়ে টিকে থাকল কলকাতা, আর মুম্বাইয়ের দুর্দশা আরও স্পষ্ট হলো।

ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া স্বীকার করেন, পুরো মৌসুমেই ব্যাটিং ও ফিল্ডিংয়ে একাধিক ভুল করেছে দল। তাঁর মতে, অন্তত ২০ রান কম করেছিল মুম্বই এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে একাধিক ক্যাচ মিস হয়েছে, যা ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র চারটি জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ লিগ ম্যাচে তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে, এরপরই শেষ হবে তাদের হতাশাজনক অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here