২০২৪ ইউরো পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন অভিজ্ঞ গোলকিপার ম্যানুয়াল নয়্যার। তবে ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে নিয়েই আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তাঁকেই এক নম্বর গোলকিপার হিসেবে ঘোষণাও দিয়েছেন জার্মান কোচ। তবে অধিনায়কত্ব পাচ্ছেন না নয়্যার।
বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ ইউলিয়ান নাগলসমান।
জার্মানির হয়ে রেকর্ড ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নয়্যার এর আগের চার বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২০১৪ সালে শিরোপা জিতেছিলেন তিনি। সেবার টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হন নয়্যার।
এ সময় নাগলসমান জানান, অবসর ভেঙে ফেরা নয়্যারই বিশ্বকাপে তাঁর প্রথম পছন্দ, ‘মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।’
জার্মানিকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ইয়োশুয়া কিমিখ। ম্যানচেস্টার সিটি ও বায়ার্নের সাবেক উইঙ্গার লিরয় সানেও দলে জায়গা ধরে রেখেছেন। এছাড়া চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালাও।
এছাড়া আর্সেনালের হয়ে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা কাই হাভার্টজ, লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টৎস এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও বিশ্বকাপে যাচ্ছেন। বায়ার্নের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্লও প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের জন্য ডাক পেয়েছেন।
গত কয়েক বছরে নিয়মিত খেলেছেন, এমন ফুটবলারদের মধ্যে নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখ বিশ্বকাপে জায়গা পাননি। এ ছাড়া চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন বায়ার্ন ফরোয়ার্ড সার্জ নাবরি ও বার্সেলোনা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।
মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

