আইন ও ন্যায়বিচারের তাত্ত্বিক এবং ব্যবহারিক অনুষঙ্গের মধ্যে নিবিড় সম্পর্ক গভীরভাবে অনুধাবন করা জরুরি বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেন, আইনের দার্শনিক ভিত্তি, বিচারিক যুক্তি বিশ্লেষণ এবং আধুনিক জুরিসপ্রুডেন্স সম্পর্কে গভীর জ্ঞান ছাড়া কার্যকর আইনচর্চা সম্ভব নয়।
বৃহস্পতিবার বিকালে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) আইন বিভাগের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বারিধারায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের মুট কোর্ট রুমে “আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড জুরিসপ্রুডেনশিয়াল ফাউন্ডেশনস অব ল” শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইটিএসের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া। অতিথি হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি ও ইউআইটিএস এবং পিএইচপি ফ্যামিলির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক। সঞ্চালনা করেন ইউআইটিএসের আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানা।

