ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন রাত প্রায় ৩টার দিকে সাফদারপুর স্টেশনের নিকট পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ৭টার দিকে উদ্ধারকারী ট্রেন পৌঁছে কাজ শুরু করে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর সকাল ৮টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়। তবে এই সময় বিভিন্ন স্টেশনে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে না পারায় যাত্রীরা বিপাকে পড়েন।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার রিপন আলী জানান, দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

