ইরাককে তার ভূখণ্ড থেকে কোনও ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালিত হতে না দেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত।
আবুধাবির বারাকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার কয়েক দিন পরই এই কূটনৈতিক বার্তা দিল দেশটি।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরাক সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা জরুরি ভিত্তিতে এবং নিঃশর্তভাবে তাদের ভূখণ্ড থেকে পরিচালিত সব ধরনের শত্রুতামূলক কার্যক্রম প্রতিরোধ করে। একই সঙ্গে এসব হুমকির দ্রুত, তাৎক্ষণিক ও দায়িত্বশীলভাবে মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক আইন ও চুক্তির আলোকে এসব হুমকি মোকাবিলা করতে হবে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকের আঞ্চলিক ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেছে, দেশটিকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এতে ইরাকের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক পরিবেশে একটি দায়িত্বশীল অংশীদার হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনার পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ নতুন করে বৃদ্ধি পেয়েছে। আমিরাতের এই কঠোর অবস্থান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

