ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক মধ্য থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার(২০ মে) বিকালে উপজেলার কোলা ইউনিয়নের কোলা বাজার এলাকার খালকোলা গ্রামের মাঠের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রাক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
মৃত চালকের বাড়ি মাগুরা জেলার আড়পাড়া এলাকায় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, খালকোলা গ্রামের মাঠের মধ্যে সগকের পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, গত দিন ধরে একইস্থানে ট্রাকটি অবস্থান করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

