জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ- এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা ও ভূমি সেবা সপ্তাহ ২০২৬’। মঙ্গলবার সকাল ১০টার সময় কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এর আগে ভূমি সেবা মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। আগামী ২১ মে পর্যন্ত টানা তিন দিন ব্যাপী চলবে এই মেলা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ফলে জনগণের সময় ও হয়রানি যেমন কমবে, তেমনি ভূমির মালিকানা সুরক্ষিত হবে। দালালের দৌরাত্ম্য রুখে দিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ডিজিটাল স্মার্ট ভূমি সেবা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বিশেষ সেবা মেলার আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জাকির হোসেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রনব কুমার সরকার, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। তিন দিনব্যাপী এই মেলায় সাধারণ নাগরিকদের জন্য এক ছাতার নিচে একাধিক সেবার ব্যবস্থা রাখা হয়েছে।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রথম দিনেই সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড় ছিল। মেলা থেকে সরাসরি যেসব সেবা দেওয়া হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে- দ্রুততম সময়ে অনলাইনে নামজারির জন্য বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। ঘরে বসেই কীভাবে অনলাইনের মাধ্যমে খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায়, সে বিষয়ে সরাসরি ওয়ান-স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। ডিজিটাল রেকর্ড রুমের মাধ্যমে খতিয়ানের অনুলিপি পাওয়ার সহজ উপায় শেখানো হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন, মেলায় আসা কোনো নাগরিক যেন সেবা না পেয়ে বা অসন্তুষ্ট হয়ে ফিরে না যান।
মেলাটি আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সংশ্লিষ্ট মহল আশা করছেন, এই মেলার মাধ্যমে কুষ্টিয়াবাসীর ভূমি সংক্রান্ত দীর্ঘ দিনের জটিলতা ও ভীতি দূর হবে এবং একটি নতুন ও আধুনিক ভূমি সংস্কৃতির সূচনা ঘটবে।

