সিডনিতে প্রাণবন্ত পহেলা বৈশাখ উদযাপন

0
সিডনিতে প্রাণবন্ত পহেলা বৈশাখ উদযাপন

সিডনিতে প্রবাসী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (VAAUS) নিউ সাউথ ওয়েলস চ্যাপ্টার প্রথমবারের মতো আয়োজন করলো বর্ণিল বৈশাখ উৎসব ‘রঙে রঙে বৈশাখ’।

রবিবার (১৭ মে) অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৭৫ জন ভিকি ও তাদের পরিবারসহ দেড় শতাধিক মানুষ অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল ‘Acknowledgement of Country’। প্রবাসের মাটিতে থেকেও পুরো আয়োজনজুড়ে যেন ফিরে এসেছিল বাংলাদেশের চিরচেনা বৈশাখী আবহ, স্কুল জীবনের স্মৃতি আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সেই প্রাণবন্ত দিনগুলো।

অনুষ্ঠানে ছিল গান, নৃত্য, কবিতা আবৃত্তি, গল্প বলা, আড্ডা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আনন্দঘন আয়োজন। বিশেষ আকর্ষণ ছিল “VAAUS বৈশাখী শোভাযাত্রা”, যেখানে অংশগ্রহণকারীরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী আবহকে নতুনভাবে উপভোগ করেন। আয়োজকদের ভাষায়, হাজার মাইল দূরে থেকেও যেন রমনার বটমূল আর মঙ্গল শোভাযাত্রার ঢাকের শব্দ হৃদয়ে অনুরণিত হয়েছে।

শিশুদের জন্য আয়োজন করা হয় এক ব্যতিক্রমী পরিবেশনা—‘ঠাকুরমার ঝুলি’। সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি ডা. সুরঞ্জনা জেনিফার রহমান ‘ঠাকুরমা’ চরিত্রে উপস্থিত হয়ে শিশুদের গল্প ও চমকে ভরিয়ে দেন। পুরো আয়োজনটি পরিচয় করিয়ে দেন ইসি সদস্য আদিবা ইসলাম।

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করার জন্য সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি ডা. সুরঞ্জনা জেনিফার রহমান ও ডা. মাহবুবা খানম মুক্তা, VAAUS-এর ভাইস প্রেসিডেন্ট সাকিনা আক্তার এবং সাবরিন ফারুকী উসরি আপার প্রতি কৃতজ্ঞতা জানান নিউ সাউথ ওয়েলস স্টেট রিপ্রেজেন্টেটিভ রুমানা হায়দার।

তিনি বলেন, প্রথম আয়োজন হলেও এটি ছিল অত্যন্ত উষ্ণ, আন্তরিক ও পারিবারিক এক মিলনমেলা। এ আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দেওয়ার একটি ছোট কিন্তু অর্থবহ প্রয়াস নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রিকশা-থিমের ফটোবুথ, যা উপস্থিত সবার মাঝে নস্টালজিয়া ছড়িয়ে দেয়। ফটোবুথের সৃজনশীল পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য কানিতাজ ইভেন্ট সলিউশনস এবং দিনের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন ফটোলিয়াকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। 

খাবারের আয়োজনেও ছিল বৈশাখী আমেজ। সকালের নাশতা পরিবেশন করে রয়েল  প্ল্যাটার, দুপুরের খাবারের সহযোগী ছিল ভোজন রসিক এবং ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করে শাপলা সুইটস। অনুষ্ঠানের থিম অনুযায়ী বিশেষ কেক তৈরি করে সুগার স্ক্যান্ডাল, যার নেতৃত্বে ছিলেন ভিকি অ্যালামনাই নাফিসা আফরিন।

আয়োজকরা জানান, এটি শুধু একটি অনুষ্ঠান ছিল না—বরং ছিল শেকড়ে ফেরার এক আবেগঘন প্রয়াস, বন্ধুত্বের পুনর্মিলনী এবং প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক উদ্যোগ। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা ভিকারুননিসার চেতনার সেই পরিচিত স্লোগান আবারও উচ্চারণ করেন—“Start as Viqi, Stop at Nothing.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here