লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আলোচিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী হত্যা মামলায় প্রধান আসামি মো. নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পলাতক আসামি মো. নাহিদুজ্জামান প্রধানকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডবিধির ৩৪১ ধারায় তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকায় নিজ বাসার ফটকের সামনে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
নিহত ওয়াজেদ আলী পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য আবিদ আলীর ছোট ভাই ছিলেন।
ঘটনার পরদিন তার ছেলে মো. রিফাত হাসান বাদী হয়ে পাটগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম হুমায়ুন রেজা স্বপন বলেন, আসামি বর্তমানে পলাতক থাকলেও গ্রেপ্তার হলে দ্রুত সাজা কার্যকর করা হবে। তবে আসামিপক্ষ চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবে।

