দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া। বিশ্বকাপ সামনে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ রালফ রাংনিক।
কোচ রালফ রাংনিক ঘোষিত দলে অভিজ্ঞতা ও ইউরোপের শীর্ষ লিগে খেলা ফুটবলারদের প্রাধান্য দেওয়া হয়েছে। দলে সবচেয়ে পরিচিত মুখ রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা।
এছাড়াও দলে আছেন রেড স্টার বেলগ্রেড ফরোয়ার্ড মার্কো আরনাইতোভিচও। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার অস্ট্রিয়ার হয়ে সবচেয়ে বেশি গোল (৪৭) এবং সবচেয়ে বেশি ম্যাচ (১৩২) খেলেছেন।
এছাড়া টটেনহাম ডিফেন্ডার কেভিন ডানসো, বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার কনরাড লাইমার, বরুসিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার মার্সেল সাবিটজার ও আরবি লাইজিগ মিডফিল্ডার ক্রিস্টোফ বাউমগার্টনারও অস্ট্রিয়ার বিশ্বকাপ দলে আছেন। ১৯৯৮ সালে সর্বশেষ বিশ্বকাপে খেলা অস্ট্রিয়া এবার খেলবে নিজেদের অষ্টম আসর।
প্রায় তিন দশক পর বিশ্বকাপে ফিরে গ্রুপ পর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলবে অস্ট্রিয়া। ২২ জুন ম্যাচটি হবে টেক্সাসে। তার আগে ১৭ জুন ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে নবাগত জর্ডানের মুখোমুখি হবে অস্ট্রিয়া। গ্রুপের শেষ ম্যাচ ২৭ জুন আলজেরিয়ার বিপক্ষে।
অস্ট্রিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লেগার, ফ্লোরিয়ান উইগেল।
ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রুবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিনহার্ট, ফিলিপ ম্যুইনে, স্টেফান পশ, আলেকজান্ডার প্রাস, মাইকেল স্ভোবোদা।
মিডফিল্ডার: ক্রিস্টোফ বাউমগার্টনার, কার্নি চুকুয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিটজার, জাভার শ্লেগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপ, নিকোলাস সিওয়াল্ড, পল ওয়ানার, প্যাট্রিক উইমার।
ফরোয়ার্ড: মার্কো আরনাউতোভিচ, মাইকেল গ্রেগোরিচ, সাশা কালাইজিচ।

