চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল ১০ মাসের শিশুর

0
চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল ১০ মাসের শিশুর

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াসেনাত ওই এলাকার পশু চিকিৎসক আবু নোমান ওসমানীর মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, জোহরের নামাজের পর আবু নোমান ওসমানী তার মেয়েকে লিচু খাওয়াচ্ছিলেন। একটি লিচু খাওয়ানোর পর অসাবধানতাবশত বিচিটি শিশুটির পাশে রেখে তিনি বাড়ির উঠানে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন, শিশুটি বিচিটি মুখে দিয়েছে এবং সেটি গলায় আটকে গেছে।

পরিবারের লোকজন বিচিটি বের করার চেষ্টা করেন। ব্যর্থ হলে শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পথে একপর্যায়ে শিশুটি বমি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু নোমান ওসমানী বলেন, তিনি পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন। এ সময়ের মধ্যেই শিশুটি পাশে রাখা লিচুর বিচি মুখে দেয়।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, লিচুর মৌসুমে শিশুদের লিচু খাওয়ানোর সময় অভিভাবকদের বিশেষ সতর্ক থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here