কুষ্টিয়ার খোকসার মাঠে ধানের আঁটি গোছানোর সময় বজ্রপাতে হজরত আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় এক স্কুলছাত্রীসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামে বজ্রপাতে কৃষক হজরত আলী আহত হন। টের পেয়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওই কৃষক জয়ন্তী হাজরা গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। একই সময় বজ্রপাতে শিমুলিয়া ইউনিয়নের কালিশংকপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তরা (১০), বিলজানি গ্রামের আনিস মোল্লা স্ত্রী গৃহবধূ ডলি খাতুন (২০) ও খোকসার ও পাংশার সীমান্তবর্তী হলুদবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী গৃহবধূ সোমা পারভিন (২৫) গুরুতর আহত হন। তাদেরকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃত হজরত আলীর ভাতিজা বাপ্পী জানান, বিকেলে মেঘ দেখে তার চাচা হজরত আলী মাঠে কেটে রাখা ধানের আঁটি গুছিয়ে রাখতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে হজরত আলী জ্ঞান হারিয়ে মাঠে পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও জানান, তার চাচার দুটি শিশুসন্তান রয়েছে।
জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু বলেন, কৃষক হজরত আলী বজ্রপাতে মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আকতার রিমা বলেন, হাসপাতালে আনার অনেক আগেই কৃষকের মৃত্যু হয়েছে।

