মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় নিজ জন্মস্থান লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে ডহুরি গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। সর্বশেষ ঘোষিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির কমিটি আহ্বায়ক হন।

