প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের হয়ে খেলার সময় বাম হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মার্কিন ফরোয়ার্ড ব্রেন্ডেন অ্যারনসন। এতে আসন্ন বিশ্বকাপের আগে তার চোট ঘিরে সংশয় দেখা দিয়েছে।
স্থানীয় সময় রবিবার (১৭ মে) ব্রাইটনের বিপক্ষে ম্যাচে অ্যারনসন মাটিতে পড়ে যান, ওই সময় ক্লাবের চিকিৎসকদের কাছ থেকে সেবা নেন তিনি। পরে ৫৯তম মিনিটে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড তারকা।
২০২২ বিশ্বকাপের দলে থাকা অ্যারনসন আগামী ২৬মে ঘোষিত হতে যাওয়া দলে স্থান পাওয়ার জন্য লড়াই করে যাবেন। দল ঘোষণার পরে দিন তারা জর্জিয়ার ফেয়েটভিলে অনুশীলন শুরু করবে।
চলতি মৌসুমে দলের হয়ে সর্বোচ্চ ৩৫টি (৩৭টির মধ্যে) ম্যাচ খেলে অ্যারনসন পাঁচটি অ্যাসিস্ট করেছেন এবং চারটি গোলও করেছেন। ২০২২ সালে অ্যারনসন লিডসের সঙ্গে পাঁচ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেন। লিডস অবনমিত হওয়ার পর ২০২৩-২৪ মৌসুমে তাকে জার্মান বুন্দেসলিগার ক্লাব এফসি ইউনিয়ন বার্লিনে ধারে পাঠানো হয়েছিল, কিন্তু এক বছর পর তিনি ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের ক্লাবটিতে ফিরে আসেন।
২০১৯ সালের অক্টোবরে অ্যারনসন প্রথমবারের মতো ইউএসএমএনটি দলে ডাক পান, ২০২০ সালে দলের হয়ে তার অভিষেক হয় এবং তিনি ২০২২ সালের বিশ্বকাপের দেশের হয়ে তিনটি ম্যাচেই খেলেছেন।
এদিকে ডিফেন্ডার ক্রিস রিচার্ডসও ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলার সময় বাম গোড়ালি মচকে যাওয়ায় চোট পান। দ্বিতীয়ার্ধের এই বদলি খেলোয়াড় এক মিনিট মাঠের বাইরে থাকার পর ম্যাচে ফিরে আসেন এবং শেষ পর্যন্ত খেলেন।
২৬ বছর বয়সী রিচার্ডস অ্যালাবামার অধিবাসী। ২০১৮ সালে জার্মানিতে বায়ার্ন মিউনিখের একাডেমিতে যোগ দেওয়ার আগে এফসি ডালাসের ডেভেলপমেন্ট প্রোগ্রামে ছিলেন এই ফুটবলার। এরপর ২০২২ সালে ক্রিস্টাল প্যালেসে যোগ দেওয়ার আগে জার্মানির বুন্দেসলিগায় দুই মৌসুম খেলেছেন তিনি।
২০২০ সাল থেকে রিচার্ডস ইউএসএনএমটি-র হয়ে ৩৬টি ম্যাচ খেলেছেন এবং তিনটি গোল করেছেন। কিন্তু গত বিশ্বকাপে তিনি দলে ছিলেন না। এই মৌসুমে তিনি ক্রিস্টাল প্যালেসের হয়ে ৩৩টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলে একটি গোল করেছেন।

