অভিশেককে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন সূর্যবংশী

0
অভিশেককে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন সূর্যবংশী

ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে আবারও আইপিএলের রেকর্ড বইয়ে নাম তুললেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের এক আসরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ছক্কার মালিক এখন এই তরুণ ব্যাটার।

এর আগে ২০২৪ মৌসুমে অভিশেক শর্মা সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ইনিংসে ৪২টি ছক্কা মেরে এই রেকর্ড গড়েছিলেন। তবে চলতি মৌসুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে মাত্র ১২ ইনিংসেই ৪৩ ছক্কা হাঁকিয়ে তাকে ছাড়িয়ে গেছেন সুসূর্যবংশী।

রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে রেকর্ড ছুঁতে তার প্রয়োজন ছিল তিনটি ছক্কার। ইনিংসের দ্বিতীয় ওভারেই লুঙ্গি এনগিডির প্রথম বল ছক্কায় উড়িয়ে শুরু করেন তিনি। পরে মিচেল স্টার্ক এবং ত্রিপুরানা বিজয়ের বলেও হাঁকান আরও দুটি ছক্কা, গড়ে ফেলেন নতুন কীর্তি।

যদিও ঝড়ো সূচনার পর ইনিংসটি বড় করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। ২১ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৪৬ রান।

আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখনো ক্রিস গেইলের দখলে। ২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৪ ইনিংসে ৫৯টি ছক্কা হাঁকিয়েছিলেন ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব।

বর্তমানে ৪৩ ছক্কা নিয়ে সূর্যবংশী অবস্থান করছেন তালিকার ষষ্ঠ স্থানে। তার ওপরে থাকা পাঁচটি অবস্থানের তিনটিতেই রয়েছে গেইলের নাম। ২০১১ সালে বেঙ্গালুরুর হয়েই ১২ ইনিংসে ৪৪টি ছক্কা মেরেছিলেন তিনি। এছাড়া ২০২২ সালে রাজস্থানের হয়ে জস বাটলার ১৭ ইনিংসে হাঁকান ৪৫টি ছক্কা।

আর ২০১৩ সালে আবারও বেঙ্গালুরুর হয়ে ১৬ ইনিংসে গেইলের ব্যাট থেকে আসে ৫১টি ছক্কা। ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫২টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল।

সূর্যবংশীর বর্তমান ফর্মে গেইলের ৫৯ ছক্কার রেকর্ডও এখন হুমকির মুখে বলে মনে করছেন অনেকে। রাজস্থানের প্রাথমিক পর্বে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। দলটি প্লে-অফে উঠতে পারলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে, সঙ্গে বাড়তে পারে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনাও।

চলতি মৌসুমে সর্বাধিক ছক্কার তালিকায় সূর্যবংশীর পরেই আছেন অভিশেক শর্মা ও রায়ান রিকেলটন। দুজনেরই ছক্কার সংখ্যা বর্তমানে ৩৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here