বরিশালের বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দুটি ড্রাম চিমনি। এছাড়াও কাঁচা ইটও পানিতে ভিজিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠি এলাকায় ‘কেয়ার’ নামের ইটভাটায় এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই ড্রাম চিমনি ব্যবহার করে ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। শুধু তাই নয়, অবৈধভাবে স-মিল স্থাপন করে কাঠ পোড়ানো, অনুমোদন ছাড়া অতিরিক্ত জমি ব্যবহার এবং নদীর পাড় থেকে মাটি কেটে ইট তৈরির অভিযোগও ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে মালিক মো. মেহেদী হাসানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটার দুটি অবৈধ ড্রাম চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রস্তুত করা কাঁচা ইটও ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, অবৈধ ড্রাম চিমনির ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

