অভিষেকেই চোট, ৮ বল করে মাঠ ছাড়লেন ১৮ কোটির বোলার

0
অভিষেকেই চোট, ৮ বল করে মাঠ ছাড়লেন ১৮ কোটির বোলার

কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকটা স্মরণীয় হলো না মাথিশা পাথিরানার। দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরলেও হ্যামস্ট্রিংয়ের চোটে মাত্র ৮ বল করেই মাঠ ছাড়তে হয়েছে শ্রীলঙ্কান এই পেসারকে।

শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে তিন মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন পাথিরানা। কলকাতার বোলিং ইনিংসে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামানো হয় তাকে। ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ৭ রান দেন তিনি।

তবে নিজের দ্বিতীয় ওভারে বিপত্তি ঘটে। প্রথম বল করার পর দ্বিতীয় ডেলিভারির জন্য দৌড় শুরু করতেই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন পাথিরানা এবং সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। দলের ফিজিও মাঠে এসে চিকিৎসা দেন। পরে আরেকটি বল করার চেষ্টা করলেও সেটি ছিল পুরো শক্তিহীন এক ডেলিভারি। এরপর অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার।

গত ডিসেম্বরের আইপিএল নিলামে ১৮ কোটি রুপিতে পাথিরানাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এর আগে তিনি খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তবে ফিটনেস সমস্যার কারণে এবারের মৌসুমে এতদিন মাঠে নামা হয়নি তার।

গত ১৬ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালেও ইনজুরিতে পড়েছিলেন পাথিরানা। সেই চোটের কারণেই শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।

আইপিএলে অংশ নেওয়ার আগে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাকে অনাপত্তিপত্র দেওয়ার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দেয়। কলকাতা চার ম্যাচ খেলার পর সেই অনুমতি পান পাথিরানা। পরে দলে যোগ দিলেও প্রথম ১২ ম্যাচ বেঞ্চেই কাটাতে হয় তাকে।

অবশেষে সুযোগ পেয়েও আধা ঘণ্টার বেশি মাঠে টিকতে পারলেন না এই গতিতারকা।

তবে পাথিরানার চোটের দিনেও জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। ২৪৭ রানের বড় সংগ্রহ গড়ে তারা গুজরাট টাইটান্সকে আট উইকেটে ২১৮ রানে আটকে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here