সিরাজগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ পেয়ে খুশি নারীরা

0
সিরাজগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ পেয়ে খুশি নারীরা

সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৬৫৪ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর থেকে ভার্চুয়ালি ল্যাপটপের বাটন চাপার পরই কার্ডধারীদের মোবাইলে ২ হাজার ৫০০ টাকা করে পৌঁছে যায়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সিরাজগঞ্জ সদর উপজেলার অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফ্যামিলি কার্ড পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগী নারীরা। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করেন।

ফ্যামিলি কার্ডধারী মোছা. পিয়ার খাতুন, মোছা. চায়না খাতুন ও মোছা. কোহিনুর খাতুন বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তিন মাসের মধ্যেই তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

তারা বলেন, ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারবো। আমরা অনেক খুশি। প্রধানমন্ত্রী যেন ভালোভাবে দেশ পরিচালনা করতে পারেন, সে জন্য আমরা দোয়া করছি।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, ভিপি আয়নুল হক, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসনের কর্মকর্তা, উপকারভোগী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here