লন্ডনে বয়ফ্রেন্ডসহ ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ গঠন

0
লন্ডনে বয়ফ্রেন্ডসহ ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ গঠন

ট্রাম্পপন্থি এক সামাজিকমাধ্যম ইনফ্লুয়েন্সার এবং তার জার্মান প্রেমিকের বিরুদ্ধে লন্ডনে ‘বর্ণ বিদ্বেষীমূলক হামলা’ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তরা হলেন ৪০ বছর বয়সী মেলিসা রেইন লাইভলি ও তার প্রেমিক ৩৭ বছর বয়সী ফিলিপ অস্টারম্যান।

মেলিসা রেইন লাইভলির বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ফিলিপ অস্টারম্যানের বিরুদ্ধে দুটি বর্ণবাদ বিদ্বেষমূলক জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং আরও একটি সাধারণ জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে।

লাইভলি একজন রাজনৈতিক পরামর্শক এবং ‘অ্যান্টি-ওয়োক’ জনসংযোগ প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পিআর-এর প্রতিষ্ঠাতা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের মুখপাত্র হওয়ার জন্যও তিনি আবেদন করেছিলেন, তবে শেষ পর্যন্ত সে পদে নিয়োগ পান ক্যারোলিন লেভিট।

অন্যদিকে অস্টারম্যান জার্মানির মিউনিখভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ‘অ্যাকুইটা’র সহযোগী পরিচালক হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানটির টোকিও ও যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনাতেও অফিস রয়েছে।

অভিযোগগুলোর সূত্রপাত গত বছরের একটি ঘটনার জেরে। পুলিশ জানিয়েছে, পরিবারের সঙ্গে ঘুরতে বের হওয়া এক নারীকে মরিচের স্প্রের মতো পদার্থ ছিটিয়ে আক্রমণ, বর্ণবাদী গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

৩৪ বছর বয়সী ওই নারী তার বোন ও দুই শিশুসন্তানকে নিয়ে গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লন্ডনের বন্ড স্ট্রিট আন্ডারগ্রাউন্ড স্টেশনে প্রবেশ করছিলেন। এ সময় ঘটনাটি ঘটে। শিশুদের একজন বেবি স্ট্রলারে ছিল।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের এক মুখপাত্র সে সময় জানান, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী ও তার পরিবারের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করতে থাকেন। পরে নারী অভিযুক্ত তার চুল টেনে ধরেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী আত্মরক্ষার চেষ্টা করলে অভিযুক্ত পুরুষ একটি ছোট বোতল বের করে সেটিকে ‘পেপার স্প্রে’ বলে দাবি করেন এবং তা ভুক্তভোগী ও তার পরিবারের দিকে ছিটিয়ে দেন।

এছাড়া নারী অভিযুক্ত অশালীন অঙ্গভঙ্গি ও গালাগালও করেন বলে অভিযোগ রয়েছে। পরে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

অ্যারিজোনার বাসিন্দা লাইভলি অতীতে ট্রাম্পপন্থি ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) ভাবধারার প্রকাশ্য সমর্থক হিসেবে পরিচিতি পান। তিনি স্বর্ণালি চুল, কসমেটিক ভিনিয়ার ও বোটক্সের মাধ্যমে ‘মাগা লুক’ গ্রহণের কথাও প্রকাশ্যে বলেছিলেন।

২০২০ সালে করোনা মহামারির সময় একটি দোকানে মাস্ক ভাঙচুরের ভিডিও ধারণ করে সামাজিকমাধ্যমে আলোচনায় আসেন তিনি।

এ মামলার প্রথম শুনানি আগামী মঙ্গলবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: ডেইলি মেইল, বিবিসি, দ্য টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here