আইপিএলের ফাইনালে আমন্ত্রণ পেলেন পিসিবির চেয়ারম্যান

0
আইপিএলের ফাইনালে আমন্ত্রণ পেলেন পিসিবির চেয়ারম্যান

সম্পর্কের অবনতির জেরে দীর্ঘদিন ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। সর্বশেষ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে উভয় দেশ নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হয়েছেন।

তবে আইসিসির পরবর্তী বোর্ড সভা এবং আইপিএলের ফাইনালে অংশ নেওয়ার জন্য পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভিকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আইসিসির সভার এবং ফাইনাল চলতি মাসের শেষ দিকে আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ভবিষ্যৎ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে শীর্ষ সংস্থাটির প্রধান নির্বাহী কমিটি(সিইসি) এবং বোর্ড সভাসহ একাধিক বৈঠক করতে চলেছে। সিইসি-র সভা ২১শে মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে, অন্যদিকে সশরীরে বোর্ড সভা ৩০ ও ৩১শে মে আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে ৩১ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাধারণত নাকভির সশরীরে সভায় উপস্থিত থাকার কথা, কিন্তু দুই দেশের সরকার এবং তাদের ক্রিকেট বোর্ডগুলোর মধ্যেকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ তৈরি করেছে।

এদিকে একটি সূত্র দাবি করেছে, পিসিবি চেয়ারম্যানকে এই মাসের শেষের দিকে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য বোর্ড সভা এবং এই অর্থবহুল লিগের ফাইনাল উভয়টিতেই যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, পিসিবি প্রধান আমন্ত্রণটি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠিয়েছেন, যিনি সভা এবং আইপিএলে ফাইনালে যোগ দেওয়ার জন্য সীমান্ত পার হবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, আইসিসির ত্রৈমাসিক বৈঠকের অংশ হিসেবে আসন্ন সভাগুলো মূলত কাতারের দোহায় মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে পরবর্তীতে তা স্থগিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here