যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল মিনুকি নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই দাবি করেছেন। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আফ্রিকায় পরিচালিত অত্যন্ত জটিল এক অভিযানে এই জঙ্গি নেতাকে হত্যা করা হয়েছে। তিনি আবু-বিলাল আল-মিনুকিকে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীদের একজন বলেও উল্লেখ করেন।
বার্তায় ট্রাম্প দাবি করেন, মিনুকি আফ্রিকায় আত্মগোপনে ছিলেন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র দীর্ঘদিন ধরে তার গতিবিধি নজরদারিতে রেখেছিল। পরে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে হত্যা করে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবু-বিলাল আল-মিনুকি নাইজেরিয়ার বর্নো অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা শাখা আইএসডব্লিউএপিয়ের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ তালিকাভুক্ত করে। মার্কিন প্রশাসনের দাবি, মিনুকি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তবে অভিযানটি কোথায় বা কীভাবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ায় জঙ্গিবিরোধী তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটিতে মার্কিন সেনা উপদেষ্টা ও ড্রোন মোতায়েন করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অভিযান আইএসের আফ্রিকান নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে পশ্চিম আফ্রিকায় জঙ্গিগোষ্ঠীগুলোর সক্রিয়তা এখনও পুরোপুরি নির্মূল হয়নি।

