ওয়াসিম আকরাম ও ইমরান খানদের পাশে মোহাম্মদ আব্বাস

0
ওয়াসিম আকরাম ও ইমরান খানদের পাশে মোহাম্মদ আব্বাস

সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিজের ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করেছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। দেশের বাইরে ১০০ টেস্ট উইকেট পূর্ণ করে নিজের মুকুটে আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন।

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই এই মাইলফলকটি অর্জন করেন আব্বাস। তিনি ২৯ রান নিয়ে ব্যাট করা স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করেন।

এই উইকেটটি চলমান সিরিজে তার তৃতীয় উইকেট। এর আগেও বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং তানজিদ হাসানকে আউট করে ১০০ উইকেটের গণ্ডি পার করেন।

ফলে ৩৬ বছর বয়সী এই বোলার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান, মোহাম্মদ আমির এবং উমর গুলের মতো কিংবদন্তিদের কাতারে যোগ দিলেন। ষষ্ঠ পাকিস্তানি বোলার হিসেবে তিনি এই মাইলফলক অর্জন করেন।দেশের বাইরে ১০০-এর বেশি টেস্ট উইকেট নেওয়া ছয়জন বোলারের মধ্যে তার ২৩.০২ বোলিং গড়ই সেরা।

সামগ্রিকভাবে আব্বাস ৫১ ইনিংসে ১০৯টি টেস্ট উইকেট নিয়েছেন। ২০১৭ সালে শুরু হওয়া তার আন্তর্জাতিক লাল বলের ক্যারিয়ারে পাকিস্তানের মাটিতে তিনি মাত্র নয়বার আউট হয়েছেন।

এর আগে মোহাম্মদ আব্বাস বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ছয় উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় বলেই তিনি ডানহাতি ওপেনার জয়কে সেকেন্ড স্লিপে ক্যাচ আউট করেন।

ইনিংসের দশম ওভারে তিনি আবারও আঘাত হানেন এবং অভিষেক হওয়া ওপেনার হাসানকে আউট করে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাধা সৃষ্টি করেন। এদিকে ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here