আইপিএলের চলতি মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী শেহনাজ গিলকে। আর এরপর থেকেই বিনোদনজগৎ ও ক্রিকেট মহলে জোরালো গুঞ্জন শুরু হয়েছে যে, আরসিবি তারকা দেবদত্ত পাডিক্কালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি ম্যাচের ফাঁকে আলাপচারিতার সময় শেহনাজ তার পছন্দের দুই ক্রিকেটারের নাম নিতে গিয়ে এই জল্পনার পালে আরও হাওয়া দেন।
পছন্দের খেলোয়াড় সম্পর্কে জানতে চাওয়া হলে শেহনাজ বলেন, আমি বিরাটকে ভালোবাসি। আর খেলার মাঠে দেবদত্তকে আমার খুব পছন্দ। এই মন্তব্যের পরই ভক্তদের মাঝে শুরু হয় কানাঘুষা। যদিও ডেটিংয়ের এই গুঞ্জন নিয়ে শেহনাজ বা দেবদত্ত এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে শেহনাজ ক্যাপশনে লিখেছিলেন, ‘দিল আরসিবি মে হ্যায়’ (মন পড়ে আছে আরসিবি-তে), যা ভক্তদের মনে কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
বেঙ্গালুরুর জয়ে গ্যালারিতে শেহনাজের উল্লাস এবং জার্সিতে তার একাধিক ছবি নিয়মিত পোস্ট হওয়ার পর নেটিজেনদের অনেকেই তাকে আরসিবির জন্য ‘লাকি গার্ল’ বা সৌভাগ্যের প্রতীক হিসেবে আখ্যা দিচ্ছেন। গত বৃহস্পতিবারও একটি ভিডিও পোস্ট করে তিনি আরসিবির জয় নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।
পাঞ্জাবি বিনোদনজগৎ থেকে ক্যারিয়ার শুরু করা শেহনাজ গিল মূলত রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর সালমান খানের প্রযোজনায় ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরবর্তীতে ভূমি পেডনেকারের সঙ্গে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ এবং ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইক কুড়ি’-তেও তাকে প্রধান ভূমিকায় দেখা গেছে।
বর্তমানে তার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন, বিশেষ করে ক্রিকেটারের সঙ্গে তার এই কথিত সম্পর্কই এখন ‘টক অব দ্য টাউন’।
সূত্র: এনডিটিভি

