পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার (১৫ মে) বাংলাদেশ দূতাবাস, লিসবন এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি টাঙ্গাইলে। তিনি দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন।
দূতাবাস এক বিবৃতিতে নিহতের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তার আত্মার শান্তি কামনা করেছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে দূতাবাসের একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার পর পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের চলাচল ও কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

