বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বর্তমানে চেহারার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে নানা আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনের অভিনেত্রীদের চেহারা, ত্বক কিংবা বয়স ধরে রাখার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনা দেখা যায়।
সম্প্রতি একটি টেলিভিশন শোতে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন এ সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী তমা মির্জা। তিনি প্লাস্টিক সার্জারি, কসমেটিক ট্রিটমেন্ট এবং বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে দাবি করেন, ‘এখন যাদের মুভি রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি। আর সবারই আমার মতন হয়তো মনে হয়েছে যে কিছু জিনিস করা।’
চেহারার সৌন্দর্য ধরে রাখার পদ্ধতি নিয়ে তমা মির্জা বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়। পনেরো বছর আগের আমি আর এখনের আমি’র মধ্যে যে কেউ দেখলেই পরিবর্তন পাবেন।’
‘তবে বয়সের সাথে সাথে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় চেঞ্জ হয়েছে। তো আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা। অস্বীকার করার কিছু নেই। হয়তো কথা শুনতে হবে যে, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না’ বলেও যোগ করেন এই অভিনেত্রী।
ওই শোতে নারীদের মতো পুরুষরাও চেহারার সৌন্দর্য বৃদ্ধির পদ্ধতিতে ঝুঁকছেন জানিয়ে তমা মির্জা বলেন, ‘পুরুষরাও এখন বিভিন্ন ট্রিটমেন্টে যাচ্ছেন। চুল-দাড়ি ঠিক করছেন, বোটক্স করছেন, মুখের স্পট রিমুভ করছেন- তো এগুলোকে খারাপ বলার কিছু নাই।’

