প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে মধ্যেপ্রাচ্যের দেশ জর্ডান। যা দেশটির ফুটবল অঙ্গনের জন্য অত্যন্ত মর্যাদা ও স্মরণীয় মুহূর্তের।
তবে বৈশ্বিক আসরটি শুরুর এক মাস আগে বড় ধাক্কা খেয়েছে তারা। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জর্ডানের ডিফেন্ডার ইসাম স্মেরি।
শুক্রবার (১৫ মে) দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এ খবর নিশ্চিত করেছে। ২৬ বছর বয়সী এই রাইট-ব্যাক জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পান।
অন্যদিকে ডিসেম্বরে আরব কাপে ন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পাওয়া ইয়াজান আল-নাইমাত এবং আদহাম আল-কুরাইশির মতো এই রাইট ব্যাকও বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
গত বছরে ঘরের মাঠে ওমানকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় জর্ডান। তারা এশিয়ার গ্রুপ ‘বি’-তে দক্ষিণ কোরিয়ার পেছনে দ্বিতীয় স্থান অর্জন করে। আসন বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে তাদের প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো হলো আলজেরিয়া, অস্ট্রিয়া এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
উল্লেখ্য, টেক্সাসের আর্লিংটনে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে তাদের ম্যাচটি গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে। যদিও নবাগত দলটিকে অভিজ্ঞ প্রতিপক্ষের বিরুদ্ধে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। কারণ জর্ডানে এমন অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রভাব ফেলতে সক্ষম এবং টুর্নামেন্টে একটি স্মরণীয় উপস্থিতি উপহার দেওয়ার আশা করছে।

