চীনের বাজারে মার্কিন কৃষিপণ্যের বড় সুযোগ দেখছেন ট্রাম্প

0
চীনের বাজারে মার্কিন কৃষিপণ্যের বড় সুযোগ দেখছেন ট্রাম্প

বেইজিং সফরের শেষ পর্যায়ে চীনের সঙ্গে বাণিজ্য ও ইরান ইস্যুতে আশাবাদী অবস্থান তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তেল ও কৃষিপণ্য কিনতে আগ্রহী। একই সঙ্গে ইরানকে যুদ্ধ বন্ধে সমঝোতায় আনতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি জিনপিং অত্যন্ত বাস্তববাদী নেতা এবং তিনি শুধু কাজের দিকেই মনোযোগ দেন। তার মতে, চীন ধাপে ধাপে নিজেদের বাজার আরও উন্মুক্ত করবে।

বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে সফর করা মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের এক বৈঠকে শি জিনপিংও একই ধরনের বার্তা দেন। তিনি বলেন, চীন বিশ্বের জন্য আরও বেশি উন্মুক্ত হবে এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য দেশটিতে আরও বড় সুযোগ তৈরি হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, ট্রাম্পের চীন সফরের পর কয়েক হাজার কোটি ডলারের কৃষিপণ্য রপ্তানি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মার্কিন কৃষিখাত বড় সুবিধা পেতে পারে বলে মনে করছে ওয়াশিংটন।

ইরান প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র আর খুব বেশি সময় অপেক্ষা করবে না। তবে যেসব ইরানি নেতার সঙ্গে আলোচনা চলছে, তারা তুলনামূলকভাবে ‘যুক্তিসঙ্গত’ আচরণ করছেন বলে মন্তব্য করেন ট্রাম্প।

হরমুজ প্রণালির বিষয়েও গুরুত্ব দিয়েছে দুই দেশ। গ্রিয়ার বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ খোলা রাখা চীনের জন্যও জরুরি। কারণ বিশ্ব জ্বালানি সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here