মঞ্জু হত্যার বিচার চায় কাসেমাবাদ-হরিসেনাবাসী

0
মঞ্জু হত্যার বিচার চায় কাসেমাবাদ-হরিসেনাবাসী

বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় কাসেমাবাদ, হরিসেনাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেন। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষোভকারীরা বলেন, ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কাসেমাবাদ গ্রামের বাসিন্দা শিক্ষক হুমায়ুন কবির বলেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় আপাতত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আসামিদের গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ১০ জানুয়ারি রাত ১১টার দিকে কাসেমাবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মঞ্জু বেপারী বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here