ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অংশে শুক্রবার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মেঘনা টোলপ্লাজা থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়তে দেখা যায় যাত্রী ও চালকদের। পুলিশ জানিয়েছে, দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার সকাল থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ যানজট দুপুর পর্যন্ত স্থায়ী হয়।
দীর্ঘ সময় যানবাহন স্থির থাকায় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। বিশেষ করে নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।
মোগরাপাড়া এলাকার বাসিন্দা সজিব হোসাইন বলেন, সকাল থেকেই মহাসড়কে তীব্র যানজট ছিল। ঘণ্টার পর ঘণ্টা অনেক গাড়ি একই স্থানে দাঁড়িয়ে ছিল। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
চট্টগ্রামগামী ট্রাকচালক বাতেন মিয়া বলেন, টঙ্গী থেকে মাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছি। কিন্তু মোগরাপাড়া এসে এক ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি।
কুমিল্লাগামী যাত্রী সালমা আক্তার বলেন, শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম। কিন্তু মোগরাপাড়া এলাকায় এসে দুই ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারব আল্লাহই ভালো জানেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর প্রভাব সোনারগাঁ অংশ পর্যন্ত এসে পড়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। যানচলাচল স্বাভাবিক রাখতে কাঁচপুর হাইওয়ে পুলিশ সর্বদা দায়িত্ব পালন করছে।

