পুতিন-শি বৈঠকে গুরুত্ব পাচ্ছে ট্রাম্পের চীন সফর

0
পুতিন-শি বৈঠকে গুরুত্ব পাচ্ছে ট্রাম্পের চীন সফর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে বেইজিংয়ের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, পুতিনের পরবর্তী চীন সফরকালে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। 

শুক্রবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেন।

পুতিনের বেইজিং সফরের সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও পেসকভ জানান, চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের সাম্প্রতিক যোগাযোগ এবং ট্রাম্পের সফর নিয়ে নিজেদের মতামত বিনিময়ের জন্য এটি হবে একটি চমৎকার সুযোগ। বিশ্বের প্রভাবশালী দেশ হিসেবে আমেরিকা ও চীনের মধ্যকার যেকোনো শীর্ষ পর্যায়ের সংলাপ ও সরাসরি যোগাযোগ বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়ার জন্য বিশেষ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের বিষয় বলে তিনি উল্লেখ করেন।

এ সময় অর্থনীতির শক্তিমত্তা নিয়ে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিতেও ছাড়েননি ক্রেমলিন মুখপাত্র। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটির (পিপিপি) হিসাব টেনে তিনি বলেন, বর্তমানে চীন বিশ্বের এক নম্বর অর্থনৈতিক শক্তি এবং সেই তুলনায় আমেরিকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে বেইজিং এখন মস্কোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। একদিকে রুশ প্রতিরক্ষা শিল্পের জন্য চীনের ইলেকট্রনিক যন্ত্রাংশ যেমন অপরিহার্য, তেমনি রাশিয়ার তেলের প্রধান আমদানিকারক হিসেবে ক্রেমলিনের আয়ের বড় উৎস এখন চীন। এমন পরিস্থিতিতে ট্রাম্প ও জিনপিংয়ের বৈঠক নিয়ে রাশিয়ার এই বাড়তি আগ্রহ বেশ তাৎপর্যপূর্ণ।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here