এক যুগ আগের কথা মনে আছে? ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে জার্মান তরুণরা বিশ্ব জয় করেছিল। সেই বিশ্বকাপে মেসুত অজিল, থমাস মুলাররা অবিশ্বাস্য ফুটবল উপহার দিয়েছিলেন। অথচ বিশ্বকাপের আগে তাদের নিয়ে আলোচনা হয়েছিল কমই। এবারের বিশ্বকাপেও জার্মান দলে তারকাখ্যাতি পাওয়া ফুটবলার কমই আছে। তবে কি নতুন কেউ এসে চমকে দেবে ফুটবল বিশ্বকে?
জার্মান ফুটবলের নতুন বিস্ময়ের নাম লেনার্ট কার্ল। মাত্র ১৭ বছরের এই ফুটবলার এরই মধ্যে ইউরোপের অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের মূল দলে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। সামনেই বিশ্বকাপ। আর এবারের বিশ্বকাপ ঘিরে এখন জার্মান সমর্থকদের মুখে মুখে লেনার্ট কার্লের নাম।
ফিফার সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তরুণ তারকাকে বিশ্বকাপের অন্যতম ওয়ান্ডার কিড বা বিস্ময় বালক হিসেবে উল্লেখ করা হয়েছে। জার্মানির বয়সভিত্তিক দলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় আসেন কার্ল। তবে বায়ার্নের জার্সিতে সুযোগ পেয়েই যেন নিজের প্রতিভার পুরোটা দেখাতে শুরু করেন তিনি। ডান প্রান্তে কিংবা অ্যাটাকিং মিডফিল্ড, দুই জায়গাতেই সাবলীল লেনার্ট কার্ল। এই তরুণের গতি, ড্রিবলিং আর গোল করার ক্ষমতা ইতোমধ্যে মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে। ফিফার তথ্যমতে, মৌসুমের প্রথম অংশেই তিনি সাত গোল করার পাশাপাশি আরও দুটি গোলে সহায়তা করেছেন।
বিশ্বকাপেশুধু ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দলেও এখন কার্লকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। জার্মান অধিনায়ক জশুয়া কিমিখ প্রকাশ্যে বলেছেন, ‘বায়ার্নের মূল দলে যে নিয়মিত খেলছে, সে অবশ্যই জাতীয় দলে খেলার যোগ্য।’ কিমিখের এমন মন্তব্যের পর থেকেই ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে জার্মান কোচ জুলিয়েন নাগেলসমান হয়তো আর বেশি দিন অপেক্ষা করবেন না।
গত মার্চে সুইজারল্যান্ড ও ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য প্রথমবার জাতীয় দলে ডাকও পেয়েছেন কার্ল। নাগেলসমান তাকে নিয়ে বলেছেন, তরুণ এই ফুটবলারের মধ্যে রয়েছে ভয়ডরহীন মানসিকতা, যা বড় মঞ্চে পার্থক্য গড়ে দিতে পারে। এরই মধ্যে ইউরোপের সংবাদমাধ্যমগুলো কার্লকে ‘জার্মান মেসি’ বলেও ডাকতে শুরু করেছে। যদিও এত অল্প বয়সে এমন তুলনা অনেক সময় চাপ তৈরি করে, তবে মাঠে কার্লকে দেখে সেটা বোঝার উপায় নেই। চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করে ইতোমধ্যে বেশ কিছু রেকর্ডও গড়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফুটবলভিত্তিক অনলাইন কমিউনিটিতেও এখন লেনার্ট কার্লকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক সমর্থকের বিশ্বাস, জার্মানির বিশ্বকাপ দলে জায়গা না পেলে সেটি হবে বড় ভুল। তবে সবকিছুর মাঝেই কিছুটা শঙ্কাও আছে। সম্প্রতি চোটে পড়েছিলেন এই তরুণ ফুটবলার। অবশ্য বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারেন তিনি। জার্মান ফুটবল বরাবরই তরুণ প্রতিভা তৈরিতে বিখ্যাত। ফ্লোরিয়ান ভার্টজ, জামাল মুসিয়ালাদের পর এবার নতুন স্বপ্নের নাম লেনার্ট কার্ল। যদি বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে আগামী বিশ্বকাপে জার্মানির সবচেয়ে বড় চমক হয়ে উঠতে পারেন এই তরুণ।

