ঘুমের মধ্যে হঠাৎ কেঁপে ওঠেন? জেনে নিন কেন হয় এমন অনুভূতি

0
ঘুমের মধ্যে হঠাৎ কেঁপে ওঠেন? জেনে নিন কেন হয় এমন অনুভূতি

ঘুমাতে যাওয়ার ঠিক আগমুহূর্তে হঠাৎ শরীর কেঁপে ওঠা বা মনে হওয়া যেন কোথাও থেকে পড়ে যাচ্ছেন—এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘হিপনিক জার্ক’ বা ‘স্লিপ স্টার্ট’।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো রোগ নয়; বরং শরীরের একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রতিক্রিয়া। গবেষণা অনুযায়ী, বিশ্বের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময়ে এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন।

সাধারণত ঘুমের প্রাথমিক পর্যায়ে যখন হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাসের গতি ধীরে আসে, তখনই এই ঝাঁকুনি অনুভূত হয়। বিজ্ঞানীদের মতে, ওই সময় মস্তিষ্ক পেশির শিথিলতাকে ভুলভাবে ব্যাখ্যা করে। শরীর পড়ে যাচ্ছে—এমন সংকেত পেয়ে মস্তিষ্ক দ্রুত পেশিগুলোকে সক্রিয় হতে নির্দেশ দেয়। ফলে শরীরে হঠাৎ ঝাঁকুনি লাগে।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ ও শারীরিক ক্লান্তির কারণে এ সমস্যা বেশি দেখা দিতে পারে। সারাদিনের চাপের পর মস্তিষ্ক পুরোপুরি শান্ত হতে না পারলে ঘুমের সময় এমন প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ছাড়া ঘুমানোর আগে অতিরিক্ত চা বা কফি পানও ঝুঁকি বাড়ায়। ক্যাফেইন মস্তিষ্ককে উত্তেজিত রাখে, ফলে স্বাভাবিক ঘুমের চক্র ব্যাহত হয়। এতে হালকা ঘুমের সময় শরীর কেঁপে ওঠার প্রবণতা বাড়তে পারে।

পর্যাপ্ত ঘুমের অভাবও এ সমস্যার একটি কারণ। ঘুম কম হলে মস্তিষ্ক ও শরীরের স্বাভাবিক সমন্বয় ব্যাহত হয়। তখন ঘুমের নির্দিষ্ট স্তরে পৌঁছালে শরীর অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা কমাতে নিয়মিত ও পর্যাপ্ত ঘুম জরুরি। ঘুমানোর আগে মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার কমানো, পর্যাপ্ত পানি পান করা এবং ক্যাফেইন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুললে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here