জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) পরিচালিত ‘বাংলা-শেপ’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে প্রকল্পের ফলাফল উপস্থাপন ও পর্যালোচনা কর্মশালার আয়োজন করা হয়।
প্রকল্পটির মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের বাজারমুখী কৃষিচর্চায় যুক্ত করা হয়েছে। ‘উৎপাদন করে বিক্রি’ পদ্ধতির পরিবর্তে বাজারের চাহিদা অনুযায়ী ‘বিক্রির জন্য উৎপাদন’-এ কৃষকদের উৎসাহিত করা হয়।
এ প্রকল্পে ২ হাজার ৮১৪ জনের বেশি কৃষক অংশ নেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী। গঠন করা হয়েছে ১১২টির বেশি কৃষক গ্রুপ। সংশ্লিষ্টদের দাবি, এতে কৃষকদের গড় আয় প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ টাকাহাশি জুনকো বলেন, বাংলা-শেপ প্রকল্পের মাধ্যমে কৃষকরা বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনের গুরুত্ব বুঝতে শিখেছেন, যা তাদের আয় ও জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই প্রকল্প অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কৃষকদের চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন এনেছে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উজ্জ্বল সম্ভাবনা তৈরি করছে।

