রিয়ালের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে স্প্যানিশ মিডিয়া : পেরেজ

0
রিয়ালের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে স্প্যানিশ মিডিয়া : পেরেজ

টানা দুই মৌসুম ট্রফি খরা ও দলের ফুটবলারদের মধ্যে মারামারির ঘটনায় বেশ দুঃসময় পার করছে রিয়াল মাদ্রিদ। এ পরিস্থিতিতে স্প্যানিশ মিডিয়ার ওপর ক্ষোভ ঝেরেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়ালের বিরুদ্ধে কিছু স্প্যানিশ মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ৭৯ বছর বয়সী এই ফুটবল সংগঠক। 

মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন পেরেজ। সেখানে তিনি বলেন, দুঃখিত, আমি পদত্যাগ করছি না। বরং আমি নির্বাচনের ডাক দিচ্ছি। নির্বাচক কমিটিকে বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে বলেছি, যেখানে বর্তমান বোর্ড আবারও প্রার্থী হিসেবে লড়বে।

স্প্যানিশ মিডিয়ার একটি অংশের প্রতি ক্ষোভ ঝেড়ে পেরেজ অভিযোগ করেন, তার এবং রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো গুজব প্রসঙ্গে পেরেজ বলেন, অনেকে রটাচ্ছে আমার নাকি মরণব্যাধি ক্যান্সার হয়েছে। আমি জানাতে চাই, আমার স্বাস্থ্য ঠিক আছে। যদি আমার ক্যান্সার হতো তবে কি আমি বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হতাম না?

গত বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে ২-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। মাঝ মৌসুমে জাবি আলোনসোকে বরখাস্ত করে আলভারো আরবেলোয়াকে কোচ হিসেবে নিয়োগ দিলেও ভাগ্যের পরিবর্তন হয়নি। শিরোপাহীন মৌসুম কাটাতে হচ্ছে আবারও।

এদিকে, বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ে চুয়ামেনির মধ্যে হাতাহাতির খবর সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। এই ঘটনায় দুই ফুটবলারকেই ৫ লাখ ইউরো করে জরিমানা করেছে ক্লাব।

বিবাদের খবর ফাঁস হওয়া নিয়ে পেরেজ বলেন, আমি খেলোয়াড়দের নিয়ে কথা বলব না। তবে আমার সময়ে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি এই প্রথম নয়, কিন্তু এবারই প্রথম এটি সংবাদমাধ্যমে ফাঁস হলো।

২০০৯ সাল থেকে টানা সভাপতির দায়িত্ব পালন করা পেরেজ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, যারা নির্বাচন করতে চান, তাদের স্বাগত। আমি সদস্যদের স্বার্থ রক্ষায় লড়ব। কোনো হুমকি আমাকে দমাতে পারবে না, বরং এটি আমাকে আরও শক্তি জোগাচ্ছে।

নিজের সাফল্যের খতিয়ান তুলে ধরে পেরেজ বলেন, আমি সবকিছু জিততে চাই। আমার সভাপতিত্বে আমরা ফুটবল ও বাস্কেটবল মিলিয়ে যথাক্রমে ৩৭টি ও ২৯টি শিরোপা জিতেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here