নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে মারধরের ঘটনায় মামলার এজাহারভুক্ত মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৩ মে) দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ মোগরাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত এবং তার স্ত্রী কনিকা উষা।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস সন্ধ্যার পর তার বাসা থেকে শিক্ষিকার বাসার উদ্দেশ্যে বের হলে পূর্ব শত্রুতার জেরে অর্জুন ও তার পরিবারের সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালান। পরে স্থানীয় লোকজন আহত শিক্ষিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তিনি আরও জানান, এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

